মোঃ সাইফুদ্দিন জিয়া, রেড বাংলা নিউজ :
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ঝালকাঠিতে শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টা শহরের পৌরসভা খেয়াঘাট সংলগ্ন বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করার মধ্য দিয়ে শহিদ বুদ্ধিজীবীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয় এর পরে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন । বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীর, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল মন্টু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন । বক্তারা বলেন, শহিদ বুদ্ধিজীবীসহ সকল শহিদ এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আজ নীরব শ্রদ্ধায় সারা জাতি শহিদদের আত্মার মাগফিরাত কামনা করছে এবং তাঁদের মহান আত্মত্যাগ কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে। বাংলাদেশের ইতিহাসে এটি এক গভীর শোক, বেদনা ও আত্মত্যাগের দিন। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা স্বাধীনতার ঠিক আগমুহূর্তে পরিকল্পিতভাবে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক, লেখক, সাংবাদিক, চিকিৎসক, প্রকৌশলীসহ অসংখ্য বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করে। জাতির শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের এ হত্যা দেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের মাধ্যমেই স্বাধীন বাংলাদেশের পথ সুগম হয়েছে। তাঁদের আদর্শ ধারণ করেই দেশ গঠনে এগিয়ে যেতে হবে।