
নিজস্ব প্রতিবেদক, রেড বাংলা নিউজ:
মুন্সীগঞ্জের গজারিয়া টার্মিনাল জেটির বিভিন্ন অংশে পাটাতনের কাঠ উঠে যাওয়ায় দীর্ঘদিন ধরেই যাত্রীদের চলাচল ছিল চরম ঝুঁকিপূর্ণ। প্রতিদিন শত শত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে জেটিটি ব্যবহার করলেও সংস্কারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।
এই উদ্বেগজনক অবস্থার কথা জানতে পেরে মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন নেন ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ। কোনো আনুষ্ঠানিকতা কিংবা প্রচারের তোয়াক্কা না করে গতকাল রোববার রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিজেই গজারিয়া টার্মিনাল জেটিতে নেমে ক্ষতিগ্রস্ত পাটাতনের কাঠ মেরামতের কাজে অংশ নেন।
একজন রাজনৈতিক নেতাকে এভাবে নিজ হাতে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে দেখে উপস্থিত যাত্রী ও স্থানীয়দের মাঝে সৃষ্টি হয় আবেগঘন পরিবেশ। স্থানীয়রা বলেন, নেতা মানেই শুধু কথা নয়, কাজেও মানুষের পাশে দাঁড়ানো আজ সেটাই দেখলাম।
স্থানীয়রা আরও জানান, মানুষের পাশে দাঁড়ানো যে কেবল প্রতিশ্রুতির বিষয় নয় বরং একটি মানবিক দায়,গজারিয়া টার্মিনাল জেটিতে নিজের হাতে মেরামত কাজে নেমে সেই নীরব শক্ত বার্তাই দিলেন কামরুজ্জামান রতন।