মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লা আলি আল হামুদী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং আমিরাতে অবস্থানরত প্রায় ১২ লাখ বাংলাদেশি প্রবাসীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় গুরুত্বের সঙ্গে আলোচিত হয়।
পররাষ্ট্রমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতে প্রায় ১.২ মিলিয়ন বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি শ্রম ভিসা পুনরায় চালু করা, ব্যবসায়িক ও ট্রানজিট ভিসা সহজলভ্য করা এবং প্রবাসীদের কল্যাণসংশ্লিষ্ট বিষয়গুলোতে আরও সহযোগিতা বৃদ্ধির অনুরোধ করেন।
সাক্ষাৎকালে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারিত্ব পুনর্ব্যক্ত করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আমিরাতের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর শুভেচ্ছা গ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সম্পর্ককে সমন্বিত কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বে উন্নীত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
বৈঠকে সামগ্রিক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (সিইপিএ) নিয়ে আলোচনা ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাণিজ্য, জ্বালানি, অবকাঠামো ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত হন। জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতা আরও গভীর করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।
এর আগে রাষ্ট্রদূত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম-এর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় প্রতিমন্ত্রী শীর্ষ পর্যায়ের সফর বিনিময় এবং বিদ্যমান দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের নিয়মিত বৈঠকের মাধ্যমে সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।