ঝালকাঠিতে মাহে রমাজানের পবিত্রতা রক্ষায় আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত !!!
🇧🇩 মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজ 🇧🇩
Update :
শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
Share
মোঃ মেহেদী হাসান, বিশেষ প্রতিনিধি, রেড বাংলা নিউজঃ
আসন্ন পবিত্র মাহে রমাজানের পবিত্রতা রক্ষা, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ হিযবুল্লাহ জামিয়াতুল মুসলিহীন, ঝালকাঠি জেলার উদ্যোগে এক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ই ফেব্রুয়ারী ২০২৬ইং) সকাল ৯ ঘটিকায় ঝালকাঠি কলেজ মোড় থেকে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এসে শেষ হয়। র্যালীতে সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-ওলামা, মাদরাসার শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা পবিত্র মাহে রমাজানের সম্মান রক্ষা, অশালীনতা ও অনৈতিক কার্যক্রম পরিহার, রোজাদারদের প্রতি সম্মান প্রদর্শনসহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহন করেন।
র্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মাহে রমাদান তাকওয়া অর্জনের মাস। এ মাসে সকল প্রকার অনৈতিকতা, অশ্লীলতা ও সামাজিক অবক্ষয় থেকে বিরত থাকা প্রত্যেক মুসলমানের নৈতিক দায়িত্ব। তারা আরও বলেন, রমাজানের পবিত্রতা রক্ষায় প্রশাসন, ব্যবসায়ী ও সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
বক্তারা দিনের বেলা প্রকাশ্যে পানাহার বন্ধ রাখা, অশালীন বিনোদন ও অনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং রোজাদারদের প্রতি সহানুভূতিশীল আচরণের আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।