ঢাকা, ১০ ফেব্রুয়ারি ২০২৬:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। পূর্বে ভোটকেন্দ্রের চারশ’ গজের মধ্যে মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করার যে সিদ্ধান্ত ছিল, সেখান থেকে সরে এসে কমিশন নতুন করে এ নির্দেশনা প্রদান করেছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোটাররা মোবাইল ফোন সঙ্গে নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। তবে ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) কোনো অবস্থাতেই মোবাইল ফোন ব্যবহার করা যাবে না।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের সহকারী সিনিয়র সচিব শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা দেশের সব রিটার্নিং কর্মকর্তার নিকট পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের প্রয়োজনে যেসব ব্যক্তি মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তারা হলেন—
১) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার;
২) ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ;
৩) অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসার-ভিডিপির মধ্যে ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য;
৪) দেশি ও বিদেশি সাংবাদিক ও নির্বাচন পর্যবেক্ষক;
৫) প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তাঁদের নির্বাচনী এজেন্ট এবং ভোটারগণ।
তবে কমিশন সুস্পষ্টভাবে উল্লেখ করেছে যে, ভোটের গোপনীয়তা ও পবিত্রতা নিশ্চিত করার লক্ষ্যে কোনো ব্যক্তি—ভোটার কিংবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা—গোপন কক্ষে (মার্কিং প্লেসে) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না।
এ নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ, মহাপুলিশ পরিদর্শক (আইজিপি)সহ সংশ্লিষ্ট সব দফতরে প্রেরণ করা হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।