ASSET প্রকল্পের তত্ত্বাবধানে বাংলাদেশ টেকনিক্যাল ট্রেইনিং সেন্টার (টিটিসি), ঝালকাঠিতে বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ঝালকাঠি টিটিসি প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আয়োজনের মাধ্যমে প্রশিক্ষণার্থীদের হাতে প্রয়োজনীয় উপকরণ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে ব্যাগ, ক্যাপ, টি-শার্ট, সেফটিগগলস, খাতা, কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় ঝালকাঠি টিটিসি’র প্রতিষ্ঠান প্রধান বলেন, প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করতে ভবিষ্যতে এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থীরা এ সময় উপস্থিত ছিলেন এবং উপকরণ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এ ধরনের সহায়তা তাদের প্রশিক্ষণে মনোযোগী হতে ও দক্ষতা অর্জনে উৎসাহিত করবে।
আয়োজক প্রতিনিধিরা জানান, ASSET প্রকল্পের মূল লক্ষ্য হলো দক্ষ মানবসম্পদ তৈরি করা এবং তরুণ-তরুণীদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলা। টিটিসির মাধ্যমে বাস্তবমুখী প্রশিক্ষণের পাশাপাশি প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ করে প্রশিক্ষণার্থীদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের অংশগ্রহণে এক প্রীতি-সমাবেশ ও ফটোসেশন অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে এবং দেশের কারিগরি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।