ঝালকাঠি প্রতিনিধি রেড বাংলা নিউজঃ ঝালকাঠির নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার (৩০) নামে নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
সোমবার সকাল ৯ টা ৪০ মিনিটে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় খুলনা- বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম।
নিহত লিমা আক্তার ইশ্বরকাঠি এলাকার ব্যবসায়ী রাজু মল্লিকের স্ত্রী। তাদের ৫ ও ২ বছর বয়সী দুইটা সন্তান রয়েছে।
নিহত লিমার স্বামীর বড় ভাই ইউপি সদস্য পারভেজ মল্লিক জানান, বাড়ি থেকে মোটরসাইকেলে ঝালকাঠি যাওয়ার সময় পিছন থেকে একটি ট্রলি ধাক্কা দেয়। ওদের ধাক্কা দিয়ে একটা নৌবাহিনীর গাড়িকেও ধাক্কা দেয় ট্রলিটি। আহত অবস্থায় লিমাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ##
ঝালকাঠি প্রতিনিধি রেড বাংলা নিউজ।
১৫-১২-২০২৫।